
মোঃ বিপ্লব হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন জেলা পুলিশ সুপার। মাদকের ছোবল থেকে যুবসমাজ ও সাধারণ মানুষকে রক্ষা করতে জেলায় ধারাবাহিকভাবে কঠোর বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ প্রশাসন।এরই ধারাবাহিকতায় ৪ জুলাই (শনিবার) সন্ধ্যা থেকে জেলা শহরের জোড় বাগান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় সরাসরি মাঠে উপস্থিত থেকে অভিযানের নেতৃত্ব দেন পুলিশ সুপার। মাদকের আস্তানা ও এর সঙ্গে জড়িতদের নির্মূলে পুলিশের এই বিশেষ তৎপরতা সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।অভিযান পরিচালনায় জেলা পুলিশ নিজস্ব সক্ষমতার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয় করে যৌথভাবে কাজ করছে।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই যৌথ প্রচেষ্টা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছে।অভিযান চলাকালে পুলিশ সুপার বলেন, "মাদকের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। চাঁপাইনবাবগঞ্জকে একটি মাদকমুক্ত নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এই অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।"পুলিশ সুপার আরও জানান, মাদকের বিরুদ্ধে এই ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা নজরদারি আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এবং অপরাধ নির্মূলে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।স্থানীয়রা পুলিশের এই সাহসী ও ত্বরিত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।