প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৬, ৬:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৬, ২:১৯ পি.এম
হাতীবান্ধায় স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টা, শ্বশুর-ভাসুরসহ ৬ জনের নামে থানায় অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় শ্বশুরের বিরুদ্ধে গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ২৯ জুন (সোমবার) উপজেলার বড়খাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফেডারেশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর দেওয়া তথ্য ও অভিযোগসুত্রে জানা গেছে, প্রায় ১১ বছর আগে পার্শ্ববর্তী সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী এলাকার নাছিমা খাতুনের সঙ্গে ফেডারেশনপাড়া এলাকার শফিকুল ইসলামের পুত্র সুজনের বিয়ে হয়। বিয়ের পর নাছিমা ও সুজনের ঘরে দুটি পুত্র সন্তানের জন্ম হয়। দ্বিতীয় সন্তানের জন্মের পর থেকেই নাছিমা খাতুনের উপর নির্যাতন করতো তার পরিবারের সদস্যরা। গত সোমবার দুপুরের পর নাছিমা খাতুনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তার উপর ক্ষিপ্ত হয়ে মারধর করেন তার শ্বশুর শফিকুল ইসলাম।
সেসময় মারধর ঠেকাতে গেলে নাছিমা খাতুনের ভাসুর ও তার বাবা রফিকুল ইসলামসহ তিনজন মিলে চালানো হয় পাশবিক নির্যাতন। নির্যাতনের সময় নাছিমা খাতুনের পড়নের কাপড় ছিড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটান অভিযুক্তরা।
খবর পেয়ে বাড়িতে গিয়ে আহত স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন নাছিমা খাতুনের স্বামী সুজন। পরে শফিকুল ইসলামসহ ৬জনকে অভিযুক্ত করে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নাছিমা খাতুন।
থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ তদন্তে গেলে আবারো অভিযুক্তদের হুমকি ও নির্যাতনের ভয়ে বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন ভুক্তভোগী ওই গৃহবধূ ও তার স্বামী। ভুক্তভোগীর স্বামী সুজন বলেন, আমার অনুপস্থিতিতে প্রতিনিয়ত আমার স্ত্রীকে নির্যাতন চালাতো আমার পরিবারের লোকজন। তাদের নিষেধ করলে উল্টো আমাকেও বিভিন্ন সময় হুমকি দিতো আমার বাবা, চাচা ও চাচাতো ভাইয়েরা। এঘটনায় অভিযুক্তদের শাস্তি দাবি করেন তিনি।
এবিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.