প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৬, ১০:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৬, ৮:১১ পি.এম
“সামাজিক আন্দোলন শুরু করেছি, এ ধারা অব্যাহত থাকবে” — চৌধুরী সেলিম আহমেদ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
"সামাজিক আন্দোলন শুরু করেছি, এ ধারা অব্যাহত থাকবে।"—এই প্রত্যয় ব্যক্ত করে মাদক, অনলাইন জুয়া, চুরি-ছিনতাই ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গাড়ফা গ্রামের কৃতি সন্তান ও মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ।
শনিবার (৪ জুলাই) বিকেলে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাদক, চুরি-ছিনতাই ও সামাজিক অবক্ষয়বিরোধী এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১০ জুলাই ২০২৬ (শুক্রবার) গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নীলের মাঠে একটি মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় দল-মত নির্বিশেষে একটি সামাজিক প্রতিরোধ কমিটি গঠন করা হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, সামাজিক অবক্ষয় প্রতিরোধ, অনলাইন জুয়া বন্ধ, মাদক, চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ এবং জায়গা-জমি সংক্রান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে এ কমিটি কাজ করবে। কমিটির মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।
চৌধুরী সেলিম আহমেদ বলেন, "আমরা আজ একটি সামাজিক আন্দোলন শুরু করেছি। মাদক, অনলাইন জুয়া, চুরি-ছিনতাই ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এ আন্দোলন অব্যাহত থাকবে। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে এই আন্দোলনে শামিল হতে হবে।"
তিনি আগামী ১০ জুলাইয়ের সচেতনতামূলক সভায় এলাকার সর্বস্তরের মানুষকে উপস্থিত থেকে সামাজিক প্রতিরোধ কমিটি গঠনে সহযোগিতা করার আহ্বান জানান।
আলোচনা সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, মুরব্বি, যুবসমাজ এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, যুবসমাজ দেশের মূল্যবান সম্পদ। তাদের সঠিক দিকনির্দেশনা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদক, অনলাইন জুয়া, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। সমাজের সর্বস্তরের মানুষ মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে গৃহীত এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এটি সফল করতে সবাইকে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.