
মোঃ বিপ্লব হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলমুক্ত করার দাবিতে চলমান আন্দোলনের সময় সড়ক অবরোধে জনদুর্ভোগ সৃষ্টি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শনিবার (৪ জুলাই) সকালে শহরের জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে তিন সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জামিউল হক সোহেল ও যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া সাউনসহ অসংখ্য নেতাকর্মীবৃন্দ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলমুক্ত করার দাবির আড়ালে মহাসড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন। বক্তারা এসব ঘটনার নিন্দা জানিয়ে রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানান তারা।
উল্লেখ্য, গত ২ জুলাই বিকেলে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলমুক্ত করার দাবিতে আন্দোলনকারীরা প্রায় ছয় ঘণ্টা সেতু এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন। এতে প্রসূতি নারীসহ বহু যাত্রী দীর্ঘ সময় যানজটে আটকা পড়েন এবং সাধারণ মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়।

আরও পড়ুন
বন্দরে নিখোঁজের ৬ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার
মধুপুরে বিশুদ্ধ আর্সেনিকমুক্ত পানি ও উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম
ডিমলায় জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় গণমিছিল অনুষ্ঠিত