
লালমনিরহাট প্রতিনিধি:
সামাজিক অপরাধ ও যৌতুক প্রথার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী যৌতুকবিহীন গণবিয়ে। ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের উদ্যোগে শুক্রবার (৩ জুলাই) রাতে জেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাত জোড়া নবদম্পতির শুভ পরিণয় সম্পন্ন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।
জেলা পরিষদ মিলনায়তনে ছিল বর্ণিল সাজসজ্জা ও উৎসবমুখর পরিবেশে মুখর। একই রঙের শেরওয়ানিতে বর এবং লাল শাড়িতে কনেদের উপস্থিতিতে পুরো আয়োজন পায় নান্দনিকতা। সাতটি ইউনিয়নের সাত জোড়া বর-কনে কোনো ধরনের যৌতুক বা দেনা-পাওনা ছাড়াই বিবাহবন্ধনে আবদ্ধ হন।
আয়োজকরা জানান, নবদম্পতিদের মধ্যে ৬টি মুসলিম ও ১টি হিন্দু পরিবার রয়েছে। গত ঈদুল আজহায় ঘোষিত যৌতুকবিহীন বিয়ের প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবেই এই আয়োজন করা হয়েছে।
নবদম্পতিরা বলেন, যৌতুকমুক্ত ও অহংকারহীন বিয়েই সমাজের জন্য কল্যাণকর। অভিভাবকরাও এ উদ্যোগকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বস্তিদায়ক এবং সময়োপযোগী বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক।
বক্তারা বলেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর এই উদ্যোগ যৌতুক, বাল্যবিয়ে, মাদক ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এ ধরনের উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে পড়লে সমাজ আরও মানবিক ও কুসংস্কারমুক্ত হবে।
উল্লেখ্য, খাদ্য উপমন্ত্রী থাকাকালে আসাদুল হাবিব দুলু জেলায় জুয়া, মাদক, বাল্যবিয়ে ও যৌতুকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলনের সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় যৌতুকবিহীন এই গণবিয়ে আয়োজন করা হয়েছে, যা স্থানীয়দের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন
বন্দরে নিখোঁজের ৬ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার
মধুপুরে বিশুদ্ধ আর্সেনিকমুক্ত পানি ও উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম
ডিমলায় জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় গণমিছিল অনুষ্ঠিত