
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিএসসি বগুড়া। এ সময় মাদক পরিবহন ও যোগাযোগের কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং চারটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব-১২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাসে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বহন করছে। এ তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (৩ জুলাই) রাতে শাজাহানপুর উপজেলার ফুলদিঘী এলাকায় সিয়েস্তা হোটেলের বিপরীত পাশে ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল।
অভিযানকালে আমিনা খাতুন (৩৫) নামে এক নারীকে ৯৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি ধুনট উপজেলার পাঁচতুপি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার তুরাগ থানার উত্তরা ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ এলাকায় বসবাস করেন। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
এদিকে একই দিনে পৃথক আরেকটি অভিযানে শেরপুর উপজেলার নাইশিমুল বাজার এলাকায় অভিযান চালিয়ে নির্মল (৪০) নামে এক ব্যক্তিকে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি শেরপুর উপজেলার করিমপুর এলাকার বাসিন্দা। তার কাছ থেকেও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
র্যাব-১২ জানায়, গ্রেফতার দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে যথাক্রমে শাজাহানপুর ও শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও প্রয়োজন বলে তারা উল্লেখ করেছে।

আরও পড়ুন
মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাগরপুরে উপজেলা ও কলেজ ছাত্র দলের উদ্যোগে পুনর্মিলনী-২০২৬
আত্রাইয়ে চোরাই মালসহ চোর গ্রেফতার