প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৬, ৭:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৬, ৩:৩৩ পি.এম
মেঘনায় ঘরের তালা ভেঙে সাড়ে ১৩ লাখ টাকার স্বর্ণ চুরি: গ্রেফতার ১

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় একটি বসতবাড়ির দরজা ভেঙে সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় মো. রাকিব (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে মেঘনা থানা পুলিশ। গ্রেফতারকৃত রাকিব মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বড়ইকান্দি (বাটেরচর) গ্রামের শাহজাহান বেপারীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ জুলাই সকালে মেঘনা থানা এলাকার একজন স্বাস্থ্য সহকারী ও তার সহকারী শিক্ষিকা স্ত্রী নিজ নিজ কর্মস্থলে এবং সন্তানরা স্কুলে যান। এই সুযোগে অজ্ঞাতনামা চোর চক্র বসতঘরের পূর্ব পাশের দরজার খিল কৌশলে খুলে ভেতরে প্রবেশ করে। চোরেরা ঘরের কাঠের আলমারির দরজা ভেঙে ভেতরে থাকা আনুমানিক ১৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫.৫০ (সাড়ে পাঁচ) ভরি ওজনের স্বর্ণালংকার (৩টি চেইন, ৩টি আংটি ও ২ জোড়া কানের দুল) চুরি করে নিয়ে যায়।
চুরির ঘটনা চলাকালীন এক প্রতিবেশী অভিযুক্ত রাকিবকে ঘর থেকে বের হতে দেখে ফেলেন এবং সেখানে কী করছে তা জানতে চান। তখন বেগতিক দেখে চুরির দায় এড়াতে এবং সন্দেহ দূর করতে অভিযুক্ত রাকিব তার পরিহিত প্যান্ট খুলে সেখানে পায়খানা করার বাহানা ধরে বসে পড়ে। পরবর্তীতে প্রতিবেশীর অগোচরে সে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। পরে দুপুর ১২:২০ মিনিটের দিকে ভুক্তভোগীর ১৩ বছর বয়সী ছেলে স্কুল থেকে ফিরে ঘরের দরজা খোলা এবং জিনিসপত্র এলোমেলো দেখে তার চাচাকে খবর দেয়। পরবর্তীতে বিষয়টি মেঘনা থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত তদন্তে নামে।
এই ঘটনায় ২ জুলাই মেঘনা থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আকতারুজ্জামান অভিযান চালিয়ে আসামি মো. রাকিবকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চুরির ঘটনার কথা স্বীকার করলেও চুরিকৃত স্বর্ণালংকার কোথায় রেখেছে বা কার কাছে বিক্রি করেছে, সে বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। মেঘনা থানা পুলিশ আসামিকে আজ (৩ জুলাই) বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ প্রেরণ করে জেল হাজতে আটক রাখার আবেদন জানিয়েছে। একই সাথে চুরিকৃত মালামাল উদ্ধারের জন্য পরবর্তীতে আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.