হোম » সারাদেশ » লালপুরে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ২, ট্রাক্টর জব্দ

লালপুরে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ২, ট্রাক্টর জব্দ

আবুল হাশেম
নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে জমি থেকে ভরাট বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এসময় বালুবোঝাই একটি ট্রাক্টরও জব্দ করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ২ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বাকনাই কদমতলা মোড় এলাকায় মো. সান্টু আলীর ইটভাটা থেকে প্রায় ১০ মিটার দক্ষিণে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় জমি থেকে অবৈধভাবে ভরাট বালু উত্তোলনের সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাব্বির আহম্মেদ ২৩, পিতা: সাজদার রহমান এবং বাপ্পি আলী ২৯, পিতা: লোকমান মোল্লা। তাদের বাড়ি লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। এ ঘটনায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫১ ধারায় লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৫, তারিখ: ২ জুলাই ২০২৬।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে একই দিন আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।  অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষিজমির উর্বরতা নষ্টসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এ ধরনের কর্মকাণ্ড রোধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখা জরুরী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!