প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ৯:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৬, ৫:০৫ পি.এম
টঙ্গীতে শীর্ষ মাদক সম্রাজ্ঞী আরফিনার সাম্রাজ্যে পুলিশের অভিযান, গ্রেফতার ৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর ব্যাংক মাঠের শীর্ষ মাদক সম্রাজ্ঞী আরফিনা বেগমের সাম্রাজ্যে অভিযান চালিয়েছে পুলিশ।গতকাল রবিবার রাতে জিএমপির গোয়েন্দা বিভাগ এ অভিযান চালায়।
এ সময় আরফিনা বেগমের মাদকের টাকায় গোপালপুরে নির্মিত ছয়তলা ভবনসহ ব্যাংক মাঠে তার একাধিক স্থাপনায় অভিযান চালিয়ে ৬৬ বোতল ফেন্সিডিল, ৪৬ টি মোবাইল, নগদ ৩৯ হাজার টাকা, ইয়াবা সহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মাদক সম্রাজ্ঞী আরফিনার নিয়ন্ত্রণাধীন ব্যাংকের মাঠ বস্তির জনৈক আমির হোসেনের বাড়ির ঘর থেকে ৬৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এসময় ব্যাংক মাঠের একাধিক স্থাপনা ও গোপালপুর এলাকায় মাদকের টাকায় তার নির্মিত ছয়তলা ভবনে তল্লাশি করে ১১ পুরিয়া গাঁজা, চার লিটার চোলাই মদ, ৪৬টি মোবাইল ও মাদক বিক্রির ৩৯ হাজার টাকা জব্দ করা হয়। এসময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের এক সূত্র জানায়, গোপালপুরে আরফিনার ছয়তলা ভবনের এক ভাড়াটিয়া মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে সিগারেটে ইয়াবা ভরে সেবনবস্থায় পাওয়া যায়। ওই নারী স্বামীর সাথে অভিমান করে আরফিনার বাসায় ভাড়ায় এসে মাদক সেবন করছেন বলে সাংবাদিকদের নিকট স্বীকার করেন।
পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যাংকের মাঠ বস্তিতে গ্যাস সিলিন্ডারের ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা করে আসছে মাদক সম্রাজী আরফিনা বেগম।
সূত্র আরও জানায়, পদ-পদবিবিহীন বিএনপির এক প্রভাবশালী নেতার আশ্রয়ে আরফিনা বেগম বীরদর্পে মাদকের ব্যবসা করে আসছে। ফলে কেউই তাকে কিছুই বলতে পারতো না।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ( ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.