প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন কাউখালী-ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহাদেব বিশ্বাস (৪০) ইনসেপ্টা কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি পিরোজপুর ও ভান্ডারিয়া এলাকায় দায়িত্ব পালন করতেন। তার গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেব বিশ্বাস মোটরসাইকেলে পিরোজপুর থেকে ভান্ডারিয়ার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের ছবি ছড়িয়ে পড়লে সহকর্মীরা তাকে শনাক্ত করেন বলে জানা গেছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।তিনি আরো জানান নিহত মহাদেবের পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.