প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ১০:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত ২০

মোঃ আসাদুজ্জামান নয়ন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় আগ্রাসী হয়ে ওঠেছে বেওয়ারিশ কুকুর। দুইদিনে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন ২০ জন। এদের মধ্যে রয়েছেন নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ৭ জন চিকিৎসা নিয়েছেন। এরআগে বুধবার আরও ১৩ জন কুকুরের কামড়ে আক্রান্ত হন। অধিকাংশ আক্রান্তরা উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়াও বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছেন অনেকে। যারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে। হঠাৎ করেই কুকুর আগ্রাসী হয়ে ওঠায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এসব কুকুরের মধ্যে কিছু কিছু কুকুর রোগাক্রান্ত। এসব রোগাক্রান্ত কুকুরগুলোর চিকিৎসায় সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।
এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আবু মাহমুদ তালহা বলেন, বর্তমানে কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত হয়ে যারা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন তাদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে সামনে যেহেতু কুকুরের প্রজনন মৌসুম তাই সবাইকে সাবধানে চলাফেরা করতে হবে। তাহলেই কুকুরের কামড় থেকে রক্ষা পাওয়া যাবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.