
রিমন চৌধুরী ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের নীলাহাটি কালীতলা এলাকায় সড়ক সংস্কার কাজ চলাকালীন রাস্তার খাল ও বড় গর্ত এড়িয়ে চলতে গিয়ে একটি প্রাইভেট যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন ডোমার উপজেলার চিলাহাটি এলাকার জাকারিয়া বসুনিয়ার ছেলে সাবেক সেনা সদস্য এ.কে.এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল (৪৮)।
এ সময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী ও দুই সন্তান আহত হন। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে গেলে বাসের কয়েকজন যাত্রীও আহত হন।
স্থানীয়দের অভিযোগ, নীলফামারী-ডোমার মহাসড়কে সংস্কারকাজ চললেও বিভিন্ন স্থানে খাল ও বড় বড় গর্ত তৈরি হয়ে আছে। এসব ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা দাবি করেন, সড়ক সংস্কারকাজে প্রয়োজনীয় নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল থানায় নেয়া হয়েছে এবং বাস উদ্ধার করে থানায় বেয়া হবে।