প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৭:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ
কিস্তির টাকায় কেনা অটোভ্যান চুরি, দিশেহারা আলমগীর মুন্সির পরিবার

মোরেলগঞ্জ প্রতিনিধি, মো:এখলাস শেখ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৫ নম্বর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ আলমগীর মুন্সির পরিবারের শেষ সম্বল ছিল একটি অটোভ্যান। পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন সেই অটোভ্যানটি দুর্বৃত্তদের হাতে চুরি হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তিনি।
ভুক্তভোগী আলমগীর মুন্সি জানান, কিস্তির টাকা তুলে অনেক কষ্টে অটোভ্যানটি কিনেছিলেন। প্রতিদিন ভ্যান চালিয়ে তিনি দুই সন্তানসহ পরিবারের ভরণপোষণ করতেন। গত রাতে আনুমানিক সাড়ে ৩টার দিকে ঘুম থেকে উঠে তিনি বাইরে ভ্যানটি দেখতে পান। পরে ফজরের নামাজ আদায়ের জন্য উঠে বাইরে এসে দেখেন, অটোভ্যানটি আর সেখানে নেই।
ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের মধ্যে হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। একমাত্র আয়ের উৎস হারিয়ে এখন পরিবারটি মানবেতর জীবনযাপনের আশঙ্কায় রয়েছে।
স্থানীয়দের দাবি, এলাকায় চুরি-ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে চুরি হওয়া অটোভ্যানটি দ্রুত উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ভুক্তভোগী আলমগীর মুন্সি তার অটোভ্যান উদ্ধারে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.