প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৪:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
তিন বছরের পানির কান্নার অবসান, প্রধানমন্ত্রীর উপহারে হাসি ফিরল রকিব-শারমিনের ঘরে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
তিন বছরেরও বেশি সময় ধরে বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছিলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজার এলাকার দরিদ্র যুবদল কর্মী রকিবুল ইসলাম রকিব ও তার স্ত্রী শারমিন খাতুন। আর্থিক অস্বচ্ছলতার কারণে নিজেদের বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করতে না পারায় প্রতিদিন খাবার পানির জন্য অন্যের বাড়ির দ্বারে দ্বারে যেতে হতো তাদের। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীদের বাড়ি থেকে পানি সংগ্রহ করতে গিয়ে প্রায়ই তুচ্ছতাচ্ছিল্যের শিকার হতেন রকিবের পরিবার। একপর্যায়ে বিভিন্ন কারণে প্রতিবেশীরাও পানি দেওয়া বন্ধ করে দিলে সংকট আরও প্রকট হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে চলা এই দুর্ভোগের স্থায়ী সমাধানে এলাকার কেউ কার্যকর উদ্যোগ না নেওয়ায় পরিবারটি চরম কষ্টে দিন কাটাচ্ছিল।
এমন অবস্থায় অসহায় পরিবারটির খোঁজ নেয় নন্দীগ্রাম উপজেলা যুবদল। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রকিব পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়। পাশাপাশি টিউবওয়েল স্থাপন না হওয়া পর্যন্ত তাদের পানির কষ্ট লাঘবে সাময়িক উদ্যোগও গ্রহণ করেন নেতাকর্মীরা।
গত সোমবার বিকেলে রণবাঘা এলাকায় রকিবুল ইসলামের বাড়িতে যান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার ও সহায়তা তুলে দেন। সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রকিব ও তার স্ত্রী শারমিন খাতুন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ মানবিক কর্মকাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে সহায়তা পাওয়ার পর পরিবারের সদস্যদের আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি প্রকাশ করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পানির অভাবে পরিবারটি অসহনীয় কষ্ট ভোগ করছিল। এমন একটি সংকটের সময়ে পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন যুবদল নেতা আব্দুর রউফ রুবেল। তারা বলেন, এলাকার বিভিন্ন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের বিপদে-আপদে তিনি নিয়মিত সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যা সাধারণ মানুষের কাছে প্রশংসিত হচ্ছে।
সহায়তা পেয়ে শারমিন খাতুন বলেন, অনেকদিন ধরে পানির জন্য কষ্ট করেছি। একটি টিউবওয়েল আমাদের পরিবারের জন্য স্বপ্নের মতো। এই সহযোগিতা আমাদের নতুন করে বাঁচার আশা দিয়েছে। রকিব পরিবারের এই সহায়তা শুধু একটি টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নয়, বরং দীর্ঘদিনের কষ্টে থাকা একটি পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনার মানবিক দৃষ্টান্ত হিসেবেই দেখছেন স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। দলের একজন কর্মী কিংবা সাধারণ কোনো মানুষ কষ্টে থাকলে আমরা তা কখনো উপেক্ষা করতে পারি না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা হলো মানুষের দুঃসময়ে পাশে থাকা। সেই দায়িত্ববোধ থেকেই আমরা রকিবুলের পরিবারের পাশে দাঁড়িয়েছি তাকে কিছু আর্থিক সহায়তা প্রদান করেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত তাদের জন্য স্থায়ীভাবে একটি টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, রাজনীতি শুধু মিছিল-মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই প্রকৃত জনসেবা। আমরা চাই কোনো পরিবার যেন মৌলিক প্রয়োজন থেকে বঞ্চিত না থাকে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.