প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ৬:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
বগুড়ায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার সোনাতলা উপজেলায় গরুভর্তি একটি ভটভটি (স্থানীয় যানবাহন) উল্টে কুরানু প্রামাণিক (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুরানু প্রামাণিক, স্থানীয়ভাবে ‘কুরানু মেম্বার’ নামে পরিচিত ছিলেন। তিনি গাবতলী উপজেলার জামিরবাড়িয়া গ্রামের মৃত দাবারু প্রামাণিকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি গরুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় একজন পরিচিত ব্যবসায়ী হিসেবে সুপরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কয়েকটি গরু নিয়ে একটি ভটভটিতে করে কর্পুর বাজারের উদ্দেশ্যে রওনা হন কুরানু মেম্বার। পথে করবোলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে তিনি ভটভটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে যানটি সড়কের পাশে উল্টে গেলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তবে আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.