হোম » সারাদেশ » স্ত্রীর সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা, শোকে স্তব্ধ গোয়ালন্দ।

স্ত্রীর সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা, শোকে স্তব্ধ গোয়ালন্দ।

ইলিয়াছ শাহেদ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমানকে কেন্দ্র করে হোসাইন সরদার (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার জানুকী রায়ের পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হোসাইন সরদার ওই এলাকার শাহজাহান সরদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৪টার দিকে হোসাইনের ছোট ভাই নয়ন সরদার স্কুল থেকে বাড়ি ফিরে তার খোঁজ করেন। এ সময় পরিবারের সদস্যরা জানান, হোসাইন ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে আছেন। পরে দরজার সামনে গিয়ে বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে নয়ন ঘরের পেছনে গিয়ে টিনের ফাঁকা অংশ দিয়ে ভেতরে উঁকি দেন। তখন তিনি দেখতে পান, হোসাইন ঘরের দরজার উপরের বাটামের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।
নয়নের চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে দরজা ভেঙে হোসাইনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, ঘটনাটির প্রাথমিক তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে স্ত্রীর সঙ্গে অভিমানকে কেন্দ্র করে আত্মহত্যার কথা বলা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!