প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
জামালপুরে ডিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১

রবিউল হাসান লায়ন, জামালপুর
জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
গতকাল রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে জামালপুর সদর থানাধীন ১নং কেন্দুয়া ইউনিয়নের কাঁচাসড়া গ্রামের একটি পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার (২২ জুন) দুপুরে গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের কালামের ছেলে মো. আঃ হালিম (৩৫) এবং জামালপুর সদর উপজেলার কাঁচাসড়া গ্রামের মজিবর শেখের ছেলে মো. হাসান (২২)। এছাড়া এ মামলার পলাতক আসামি হলেন— একই এলাকার কাঁচাসড়া গ্রামের মো. সাইফুল ইসলাম (৩৫)।
ডিবি পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহানের নেতৃত্বে এএসআই শরীফ আল আমীন ও সঙ্গীয় ফোর্সসহ জামালপুর সদর এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনায় নিয়োজিত ছিলেন। বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কাঁচাসড়া গ্রামের আনিছুর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
সংবাদ পেয়ে ডিবি পুলিশের দলটি বিকেল ৫টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে আঃ হালিম ও হাসানকে আটক করা হয়। পরে স্থানীয় পাবলিক সাক্ষী ও সঙ্গীয় ফোর্সের উপস্থিতিতে ধৃত আঃ হালিমের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৬০ পিস এবং হাসানের নিকট থেকে ৩০ পিস—মোট ৯০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের মোট ওজন ২৪.৩ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৫০০ টাকা।
ডিবি পুলিশ আরো জানায়, উদ্ধারকৃত এই ট্যাবলেটের কোনো বৈধ কাগজপত্র বা চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে পারেনি গ্রেফতারকৃতরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, পলাতক আসামি সাইফুল ইসলামের নিকট থেকে এই মাদক সংগ্রহ করে তারা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। ধৃত আসামিদের সঙ্গে নিয়ে পলাতক আসামিকে গ্রেফতার ও আরও মাদক উদ্ধারের অভিযানের কারণে থানায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়।
গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.