প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ৮:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে

রায়হানুল ইসলাম, বগুড়া:
বগুড়াবাসীর চিকিৎসা সেবার অন্যতম কেন্দ্র ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে হাসপাতাল পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (২০ জুন) বেলা ১১টায় হাসপাতালের নিজস্ব সভাকক্ষে এই সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা কমিটির নবনিযুক্ত সভাপতি ও বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
সভায় বক্তারা বলেন, বগুড়া ও আশপাশের জেলার সাধারণ মানুষের চিকিৎসার জন্য এই হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে ধারণক্ষমতার চেয়ে রোগীর চাপ প্রতিনিয়ত বাড়তে থাকায় ২৫০ শয্যা দিয়ে মানসম্মত সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে হাসপাতালের সামগ্রিক স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই শয্যা সংখ্যা দ্বিগুণ করার এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবকাঠামো সম্প্রসারণ ও শয্যা বৃদ্ধির এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সাথে কার্যকর যোগাযোগ রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেন কমিটির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। হাসপাতালটির এই আধুনিকায়নের সিদ্ধান্তে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.