প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টাকালে দুই প্রতারক গ্রেফতার

রবিউল হাসান লায়ন, জামালপুর
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টাকালে দুই প্রতারককে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ।
জামালপুর ডিবির ওসি মোঃ আব্দুল কাইয়ুম জানান, মাদারগঞ্জ উপজেলার বানীকুঞ্জ এলাকার কাফি আল সাকিব সিয়ামকে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ চক্র ২৫ লাখ টাকা দাবি করে। চাকরি হওয়ার পর টাকা পরিশোধের শর্তে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে একটি স্বাক্ষরিত ব্ল্যাংক চেক এবং তিনটি স্বাক্ষরিত ব্ল্যাংক নন-জুডিশিয়াল স্ট্যাম্প নেওয়া হয়। একইসঙ্গে চাকরি দেওয়ার নামে একটি কথিত চুক্তিপত্রও সম্পাদন করা হয়।
বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী পরিবার জেলা গোয়েন্দা শাখাকে অবহিত করে। পরে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রতারণার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকার শরিফুল ইসলাম ওরফে শিশির এবং পাবনা জেলার আতাইকুলা এলাকার রকিবুল ইসলাম রকিব। অভিযানে একটি স্বাক্ষরিত ব্ল্যাংক চেক, ছয়টি স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, চাকরি দেওয়ার নামে করা কথিত চুক্তিপত্রসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.