
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার কালিতলা পুলিশ ফাঁড়ির অভিযানে এক দুর্ধর্ষ চোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখে নওগাঁ সদর উপজেলার কালিতলা এলাকার বাসিন্দা মো. আব্দুল হাকিম (পিতা: কায়সারুর) সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ওইদিন সকাল আনুমানিক ১০টার দিকে তার বাসার দ্বিতীয় তলায় অবস্থিত ফ্ল্যাটের একটি কক্ষের তালা ভেঙে অজ্ঞাতনামা চোর বা চোরেরা প্রবেশ করে। পরে তারা প্রায় ৪ ভরি ওজনের স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় কালিতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুজনের নেতৃত্বে একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়।
পরবর্তীতে অভিযান চালিয়ে ১৯ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ জেলার চকমোক্তার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মুরাদ (২৮), পিতা বজলুর রশিদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুরাদ নিজেকে একাই চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এছাড়া সে একজন কুখ্যাত চোর এবং অতীতে বিভিন্ন স্থান থেকে স্বর্ণালংকার চুরির সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক চুরির মামলা রয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।