প্রিন্ট এর তারিখঃ জুন ২০, ২০২৬, ১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ
বাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ ঝুলছিল বৈদ্যুতিক খুঁটিতে

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া-গোচর মাঠ এলাকায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন আলী, ২৫, নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ১৯ জুন ২০২৬ সকালে বৈদ্যুতিক খুঁটির উপর ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে মামুন হামিদকুড়া-গোচর মাঠের একটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির চেষ্টা করেন। এ সময় শর্টসার্কিট হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সকাল হলে কৃষক ও পথচারীরা মাঠের বৈদ্যুতিক খুঁটির উপর তার মরদেহ ঝুলতে দেখে বাঘা থানা পুলিশকে খবর দেন।
সরেজমিনে দেখা যায়, নিহত মামুন একটি লোহার রড ব্যবহার করে বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি লোহার রডের উপর পড়ে যান। কোমরের সঙ্গে গামছা দিয়ে খুঁটির সাথে বাঁধা থাকায় শর্ট হয়ে মারা গেলেও লাশটি নিচে পড়েনি। উল্টো হয়ে খুঁটির সঙ্গে ঝুলছিল মরদেহ।
নিহত মামুন আলীর বাসা আড়ানী পৌরসভার গোচর গ্রামে। তিনি মৃত ভাদু কসাইয়ের ছেলে।
বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.