প্রিন্ট এর তারিখঃ জুন ২০, ২০২৬, ১১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ণ
জাতীয় সংসদে কটূক্তির প্রতিবাদে মোল্লাহাটে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জাতীয় সংসদে বিএনপির এক সংসদ সদস্য ও স্পিকারের বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক-কে নিয়ে কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে বাগেরহাটের মোল্লাহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকাল ৪:০০ ঘটিকায় মোল্লাহাট মডেল মসজিদের পাশে অবস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান। তিনি বলেন, জাতীয় সংসদে প্রদত্ত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় আমির মাওলানা মামুনুল হককে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। তিনি এ ধরনের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সেখানে ব্যক্তি বা ধর্মীয় নেতাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আমির আলী ও মাওলানা আবু হুরাইরা। এছাড়া উপস্থিত ছিলেন উদয়পুর ইউনিয়ন সভাপতি খন্দকার ওবায়দুর রহমান আখতার, কোদালিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম জুম্মান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লায়েকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, উপজেলা যুব মজলিসের সভাপতি মো. আব্দুল্লাহ বিন আনিছ, কোদালিয়া ইউনিয়নের বাইতুলমাল সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ এবং উদয়পুর ইউনিয়ন ছাত্র মজলিসের সভাপতি মো. খালিদ।
এ সময় খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসসহ সংগঠনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে তাদের প্রতিবাদ জানিয়ে ধর্মীয় ব্যক্তিত্ব ও আলেম-ওলামাদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.