
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও সাবেক প্রধানমন্ত্রী ডা. জোবাইদা রহমান-এর জন্মদিন উপলক্ষে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে বহিঃ ও অন্তঃবিভাগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে উত্তরাঞ্চলের শিশুদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে নতুন দিগন্তের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ১০টায় বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় অবস্থিত শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মীর শাহে আলম এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “শিশুদের উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক চিকিৎসা অবকাঠামো গড়ে তোলার বিকল্প নেই। নতুন এ বহিঃ ও অন্তঃবিভাগ চালুর ফলে বগুড়াসহ আশপাশের জেলার শিশু রোগীরা বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সহজে ও দ্রুততার সঙ্গে গ্রহণ করতে পারবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রেজাউল করিম বাদশা এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. মোশারফ হোসেন এমপি এবং এম. আর ইসলাম স্বাধীন।
অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বহিঃ ও অন্তঃবিভাগ চালুর ফলে শিশু রোগীদের জন্য চিকিৎসাসেবার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আধুনিক পরীক্ষা-নিরীক্ষা, নিয়মিত ফলোআপ চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এক ছাদের নিচে নিশ্চিত করা হবে। ফলে উত্তরাঞ্চলের শিশুস্বাস্থ্য সুরক্ষায় হাসপাতালটি আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানের আয়োজন করে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল, বগুড়া। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, হাসপাতালের নতুন এ কার্যক্রম শিশুদের চিকিৎসাসেবায় যুগান্তকারী অবদান রাখবে এবং বগুড়াকে উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

আরও পড়ুন
রাণীশংকৈলে দিনব্যাপী ফল প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
নাটোরে নলডাঙ্গায় আবারও দুর্বৃত্তদের আগুন সন্ত্রাস