প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৬:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
শাজাহানপুরে সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
“ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ে আন্তঃস্কুল (আন্তঃহাউজ) ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বেলা ১১টায় বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।”
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, অভিভাবক সদস্য মোঃ আবুল খায়ের, সাবেক ইউপি সদস্য ও মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, রুকনুদ্দীন, আব্দুল মান্নান, গোলাম মোস্তফা, গোলাম আযম শামীম, মনিরুজ্জামান মানিক, অলিউল হাসান শিমুল, তাহমিনা খাতুন, সাবিনা ইয়াসমিন, রুমি খাতুন, জাকিয়া সুলতানা, শাহজাহান আলী এবং উম্মে হানি।
খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীরচর্চা) মোঃ আমিনুল ইসলাম। প্রতিযোগিতায় বিভিন্ন হাউজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। মাঠজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও ক্রীড়ামুখী করে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দলগত মনোভাব, সহনশীলতা ও নৈতিক মূল্যবোধ গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.