
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
অবশেষে শেরপুর জেলা সদর হাসপাতালের আইসিইউ ইউনিটি চালু করা হয়েছে। গত ৭জুন সংরক্ষিত নারী আসনের এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জাতীয় সংসদের অধিবেশনে শেরপুর জেলা হাসপালই আইসিইউতে এমন বক্তব্য দেয়ার পর বিষয়টি ভাইরাল হয়ে যায়। এরপরই দীর্ঘ পাঁচ বছর পর ১৪ জুন দেশের অন্য নয়টি হাসপাতালের সাথে শেরপুর জেলা হাসপাতালের আইসিইউ ইউনিট ভার্চুয়ালি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
পরে বিকেলে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে হাসপাতালের দশ বেডের আইসিইউ ইউনিটটি চালু করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শাহিন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সেলিম মিয়া, বিএনপি নেতা এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সহ জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের ডাক্তার-নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা হাসপাতালের কর্মকর্তারা জানান, ২০২১ সালে করোনা কালীন সময়ে ৫ কোটি টাকা ব্যয়ে শেরপুর জেলা হাসপাতালের নবম তলায় আইসি ইউনিটটি স্থাপন করা হয়। কিন্তু লোকবল সংকটসহ নানা কারণে আইসিইউ ইউনিটটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এছাড়াও হাসপাতালে রয়েছে নানা সমস্যা। পরবর্তীতে এ বিষয়ে গত ৭ জুন জাতীয় সংসদে যোগদিয়েই ৭১ বিধিতে সংরক্ষিত নারী আসনের এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুর জেলা সদর হাসপাতালে দূরাবস্থা ও লোকবল সংকটের কারণে আইসিইউর অচলাবস্থার কথা তুলে ধরে বলেন শেরপুর জেলা হাসপাতালই এখন আইসিইউতে চলে গেছে। বিষয়টি মূহুর্তেই ভাইরাল হয়ে যায় এবং খবরের শিরোনাম হয়। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসলে তিনি হাসপাতালের আইসিইউ ইউনিটে লোকবল সমস্যার সমাধান করেন এবং পাঁচ কার্যদিবসের মাথায় আইসিইউ ইউনিট চালু করেন। বিষয়টি জেলাবাসীর নজর কেড়েছে।
আনুষ্ঠানিক ভাবে আইসিইউ ইউনিট চালুরপর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সাংবাদিকদের জানান, হাসপাতালের বাকি সমস্যাগুলোও সমাধান করা হবে।
এ বিষয়ে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এমপি বলেন, জনগনের সামনে আমার প্রতিশ্রুতি ছিলো সংসদে প্রথমে হাসপাতাল নিয়ে কথা বলবো। সে মোতাবেক গত ৭ জুন জেলার স্বাস্থ্য বিভাগের দুরাবস্থা এবং আইসিইউ ইউনিট চালুর বিষয়ে দাবি জানালে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সংসদ অধিবেশন শেষে আমাকে এ বিষয়ে লিখিত ভাবে জানানোর কথা বললে আমি লিখিত আবেদন প্রদান করি। এরই প্রেক্ষিতে তিনি মাত্র পাঁচ কর্ম দিবসের মধ্যে আমাদের শেরপুরের আইসিইউ ইউনিটটি লোকবল নিয়োগসহ উদ্বোধন করেন। ইনশাল্লাহ আগামীতে আমি শেরপুরের স্বাস্থ্য সেবাসহ অন্যান্য সকল সমস্যার সমাধানের চেষ্টা করব।