প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ১১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
মির্জাপুরে ব্রাজিলের পতাকা লাগাতে গিয়ে এক যুবকের মৃত্যু

গকুল রাজবংশী, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে একটি ভবনের ছাদ থেকে পড়ে রায়হান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ছাদে টাঙ্গানো ব্রাজিলের পতাকা ধরতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন । তবে পরিবারের দাবি নিহত যুবক দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার (১৪ জুন) সকাল নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের কুয়াশা হোটেল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পরইখালি গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। তারা সপরিবারে মির্জাপুর বাইপাস এলাকার জুয়েল তালুকদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে ভাড়া বাসার ছয়তলার ছাদ থেকে হঠাৎ নিচে পড়ে যান রায়হান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, ফুটবল উন্মাদনায় মেতে ছাদের রেলিংয়ে ব্রাজিলের পতাকা বাঁধতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে এ ঘটনা ঘটে। ভবন মালিক জুয়েল তালুকদার জানান, ওই যুবকের মানসিক সমস্যা ছিল। তার ঘরে স্ত্রী-সন্তানও রয়েছে। সে ব্রাজিলের সমর্থক ছিলেন। এ কারণে সে অন্যদের মতো ব্রাজিলের একটি পতাকা ছাদে টাঙিয়েছিলেন। প্রতিদিনের মতো আজও ছাদে পতাকা টাঙিয়ে দিতে গিয়েছিলেন। নিচ থেকে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারি পতাকা বাঁধতে গিয়ে সে নিচে পড়ে যায়। পরিবারের সদস্যরা জানান, রায়হান মূলত একজন মানসিক রোগী। প্রায় সময়ই তিনি অস্বাভাবিক আচরণ করতেন। আজ সকালে তিনি হঠাৎ করেই ছাদে চলে যান এবং অসাবধানতাবশত নিচে পড়ে যান।
এব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.