প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ১১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
টঙ্গীতে দুটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস

আলমগীর সিকদার: টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর চেরাগালীর বেক্সিমকো রোডে অবস্থিত জেকেএস কালার থ্রেড এবং জেকেএস লন্ড্রি নামক দুটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাসের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-গাজীপুর।
আজ রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-গাজীপুরের ভিজিল্যান্স শাখা উক্ত প্রতিষ্ঠান দুটিতে অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, দুটি ওয়াশিং কারখানায় শিল্প সংযোগের আড়ালে দুইটি অবৈধ বাইপাস গ্যাস লাইন ব্যবহার করা হচ্ছে। পরে ভূগর্ভস্থ মাটি ও আরসিসি ঢালাইয়ের নিচ থেকে সনাক্ত হওয়া ওই অবৈধ লাইনগুলো বিচ্ছিন্ন (কিলিং) করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই দুইটি প্রতিষ্ঠানে অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিল। মাটির প্রায় চার ফুট নিচে আরসিসি ঢালাইয়ের নিচ দিয়ে বিভিন্ন সাইজের জিআই ও এমএস পাইপের মাধ্যমে সংযোগ স্থাপন করে মিটার বাইপাস করে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-গাজীপুরের সমন্বয়ক ও উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শাহিদুর রহমান বলেন, তিতাস গ্যাসের হিসাব অনুযায়ী, এই দুটি ওয়াশিং কারখানায় প্রতি মাসে প্রায় ৪০ লাখ টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করছিল। তারা কমপক্ষে দুই বছর ধরে এভাবে গ্যাস ব্যবহার করে সরকারের কোটি টাকা মূল্যের রাজস্ব ক্ষতি করেন।
অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গ্যাসের সিস্টেম লস কাঙ্ক্ষিত সীমায় না পৌঁছানো পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি এ বিষয়ে দেশের সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের কারিগরি টিমের ব্যবস্থাপক মো. আব্দুল আলিম রাসেল জানান, তিতাসের নিয়মানুযায়ীই প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
অভিযান চলাকালে দুটি প্রতিষ্ঠানের মালিক উপস্থিত ছিলেন না এবং কর্মকর্তারা কেউই এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.