প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
আলফাডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক জমজমাট বিতর্ক প্রতিযোগিতা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে এক জমজমাট বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) সকাল ১১টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় উপজেলার মোট চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। চূড়ান্ত পর্বের বিতর্কের মূল বিষয় ছিল 'দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়'। এতে পক্ষের দলে অবস্থান নেয় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষের দলে অংশ নেয় উপজেলার জাটিগ্রাম মমতাজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। দুই দলের মধ্যে তীব্র যুক্তি-তর্ক ও চুলচেরা বিশ্লেষণের পর বিচারকদের রায়ে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুল হক সিকদার। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় কমিটির সহ-সভাপতি তাজমিনউর রহমান তুহিন।
অনুষ্ঠানে বক্তব্য দেন, ফরিদপুর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিদর্শক শামীম আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. গৌরদাস গৌতম।
এসময় বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই ধরণের বিতর্কের চর্চা তরুণ প্রজন্মের মধ্যে সততা, জবাবদিহিতা ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.