হোম » সারাদেশ » ​জামালপুরে ‘এসএসসি ১৪’ ব্যাচের বন্ধুদের জমকালো বাইক ট্যুর সম্পন্ন

​জামালপুরে ‘এসএসসি ১৪’ ব্যাচের বন্ধুদের জমকালো বাইক ট্যুর সম্পন্ন

​রবিউল হাসান লায়ন, জামালপুর

বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো সবসময়ই পরম আনন্দ ও আবেগের। সেই চিরচেনা আবেগকে নতুন করে রাঙিয়ে তুলতে এবং সুদৃঢ় বন্ধুত্বের বন্ধনকে উদযাপন করতে জামালপুরের হযরত শাহজামাল (র.) স্কুল অ্যান্ড কলেজের ‘এসএসসি ২০১৪’ ব্যাচের বন্ধুদের উদ্যোগে সম্পন্ন হলো এক জমকালো বাইক ট্যুর। দিনভর আনন্দ-উচ্ছ্বাসে ভরা এই আয়োজনটি যেন সবাইকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল এক যুগ আগের সেই সোনালী স্কুলজীবনে।

​সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত দিনে সকালে হযরত শাহজামাল স্কুল অ্যান্ড কলেজ গেট থেকে ১৭ জন বন্ধু ৮টি মোটরসাইকেলের এক সুশৃঙ্খল বহর নিয়ে ট্যুরের সূচনা করেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা প্রথমে পৌঁছান বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর সীমান্তে। সেখানে মনোরম পরিবেশে ফটোসেশন শেষে বন্ধুদের এই অকুতোভয় বহর ছুটে চলে প্রকৃতির অন্যতম লীলাভূমি লাউচাপড়ার উদ্দেশ্যে।
​গন্তব্যে পৌঁছানোর পর দুপুরে জুম্মার নামাজ আদায় এবং দুপুরের খাবার শেষ করে তারা রওনা হন শেরপুর জেলার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র ‘গজনী অবকাশ’ স্পটের দিকে। পাহাড়ি আঁকাবাঁকা পথ আর সবুজের বুক চিরে যখন বন্ধুদের বাইক বহর এগিয়ে যাচ্ছিল, তখন চারপাশের পাহাড়, ঘন জঙ্গল আর প্রকৃতির শান্ত পরিবেশ যেন এক অন্যরকম উৎসবমুখর রূপ নেয়। এরপর দীর্ঘ যাত্রা অতিক্রম করে তারা রাঙটিয়ায় অবস্থিত হযরত শাহ্ সেকান্দর আলী (রহ.) মাজার শরিফটি জিয়ারত ও দর্শন করেন।

​দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে সবাই মেতে ওঠেন আড্ডা, হাসি-ঠাট্টা আর খুনসুটিতে। বিকেলের দিকে এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শেরপুরের ঐতিহ্যবাহী ‘রাজ বল্লভের’ সুস্বাদু রসমালাইয়ের স্বাদ নেওয়া।
​সবশেষে এক চমৎকার ও আনন্দঘন অভিজ্ঞতা সঙ্গী করে সন্ধ্যার আগেই সব বন্ধুরা সুস্থ ও নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে আসেন। এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটে এসএসসি ১৪ ব্যাচের বন্ধুদের স্মৃতির পাতায় ধরে রাখার মতো দারুণ একটি বাইক ট্যুরের।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!