প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
সান্তাহার পৌর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সান্তাহার পৌর এলাকায় ৬ মাসে ১হাজার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছে সান্তাহার পৌরসভা। শনিবার (১৩ই জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সান্তাহার সরকারি কলেজ সংলগ্ন সড়কের পাশে ফলজ ও কাষ্ঠল প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সান্তাহার পৌরসভা সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সারাদেশের সঙ্গে সমন্বয় রেখে সান্তাহার পৌরসভাও বৃক্ষ রোপণের উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে শনিবার এ কর্মসূচির সূচনা করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মাসফিকুর রহমান, কার্যসহকারী রফিকুল ইসলাম (রফিক), অফিস সহকারী জাহাঙ্গীর আলম, সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর ও প্রচার সম্পাদক মো. নয়ন এবং পৌর কর্মচারী তুহিন, হাবিব ও অনিলসহ অন্যান্যরা।
এ বিষয়ে সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে কাজ করছি। ছয় মাসের মধ্যে ১হাজার গাছ রোপণের নির্দেশনা থাকলেও নির্ধারিত সময়ের আগেই এ লক্ষ্য পূরণ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করতে পারলে অতিরিক্ত আরও কিছু গাছ রোপণ করা হবে, যাতে পরিবেশ সংরক্ষণে এ উদ্যোগ আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
পৌর কর্তৃপক্ষের মতে, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.