
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার বাচামারা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দৌলতপুর থানার এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে বাচামারা বাজারে জনৈক শরমান শেখের মুদির দোকানের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চকমিরপুর গ্রামের মোঃ রনি (২৪) এবং বাঘুটিয়া পুরান পাড়া গ্রামের মোঃ মাহাবুব (২১)। উভয়েই দৌলতপুর উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, তল্লাশিকালে রনির কাছ থেকে ২০০ গ্রাম এবং মাহাবুবের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৫০০ গ্রাম গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।
এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করেন। মামলার এফআইআর নং-৮ এবং জিআর নং-৮৫, তারিখ ১৩ জুন ২০২৬।
মামলাটি তদন্ত করছেন দৌলতপুর থানার এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের দাবি, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে ‘এসএসসি ১৪’ ব্যাচের বন্ধুদের জমকালো বাইক ট্যুর সম্পন্ন
নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত
বগুড়ায় গৃহবধূ সোহাগীর রহস্যজনক মৃত্যু: দুই কন্যা সন্তান নিখোঁজ