প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ১১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
তরুণদের উদ্ভাবনী শক্তিতেই সমৃদ্ধ হবে আগামী: বাঘায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী

আবুল হাশেম
"মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ"—এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করতে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”। গতকাল ১২ জুন (শুক্রবার) বাঘা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), সেকায়েপ-এর আয়োজনে এই জমকালো প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বিদ্যালয় প্রাঙ্গণে সারিবদ্ধভাবে সাজানো স্টলগুলোতে খুদে বিজ্ঞানীরা তাদের নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং স্মার্ট আইডিয়ার মডেল প্রদর্শন করে।
বিশেষ করে শিক্ষার্থীদের তৈরি পুনর্ব্যবহারযোগ্য (রিসাইকেলড) সামগ্রী দিয়ে তৈরি বিভিন্ন জিনিস, হাতে তৈরি প্ল্যান্ট পট, সংরক্ষণ বাক্স ও ছোট ছোট পরিবেশবান্ধব ক্ষুদ্র যন্ত্রাংশ মেলায় আসা দর্শকদের দারুণভাবে নজর কাড়ে। এবারের প্রদর্শনীতে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ ছিল অন্যতম প্রধান আকর্ষণ, যা বিজ্ঞান ও প্রযুক্তিতে নারী শিক্ষার অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ। তিনি বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবনগুলো দেখেন এবং তাদের সাথে কথা বলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের তরুণদের এই ছোট ছোট উদ্ভাবনই আগামী দিনের উন্নত বাংলাদেশের ভবিষ্যৎ। প্রতিটি সৃজনশীল উদ্যোগ ও উদ্যোক্তাকে যথাযথ মূল্যায়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করে আমাদের এই দেশকে বিশ্বদরবারে এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার। প্রদর্শনী আয়োজনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর আলী বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করা এবং তাদের মনে স্টার্টআপ বা নতুন ব্যবসা শুরুর ভাবনা তৈরি করা। ভবিষ্যতে এখান থেকে নির্বাচিত সেরা আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দিতে এবং বাণিজ্যিক উদ্যোগে রূপান্তর করতে সব ধরনের সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শাহদৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এবং বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুধীজন।
দিনব্যাপী এই প্রদর্শনী দেখতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক, শিক্ষার্থীরা। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে এবং একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.