হোম » সারাদেশ » জামালপুরের বককশিগঞ্জ সীমান্ত থেকে উদ্ধার হওয়া সেই বৃদ্ধ পরিবারের কাছে হস্তান্তর

জামালপুরের বককশিগঞ্জ সীমান্ত থেকে উদ্ধার হওয়া সেই বৃদ্ধ পরিবারের কাছে হস্তান্তর

​রবিউল হাসান লায়ন , জামালপুর
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে দীর্ঘ ২৪ ঘণ্টা শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) আটকে থাকার পর উদ্ধার হওয়া বৃদ্ধ ষষ্ঠী চন্দ্র বর্মনকে (৬৮) তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বকশীগঞ্জ থানায় বিজিবি ও পুলিশের উপস্থিতিতে তাঁর ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের হাতে তাঁকে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া ষষ্ঠী চন্দ্র বর্মন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক।
​পরিবার সূত্রে জানা গেছে, গত প্রায় দুই মাস আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন ষষ্ঠী চন্দ্র বর্মন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার। গত বুধবার সকালে বকশীগঞ্জের রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে তাঁকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর তীব্র বাধায় বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুশইন ঠেকাতে বিজিবি ও স্থানীয় সীমান্তবাসী কঠোর অবস্থান নেওয়ায় ওই বৃদ্ধ দিনভর ও রাতভর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা পরিবারের সদস্যদের নজরে আসে। পরে তাঁরা বিজিবির সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করেন।
​আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শূন্যরেখা থেকে তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ থানা হেফাজতে নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন এবং বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনের উপস্থিতিতে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে জামালপুর সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!