হোম » সারাদেশ » মোল্লাহাটে গ্রাম আদালত শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত: জনসচেতনতা বৃদ্ধিতে জোর

মোল্লাহাটে গ্রাম আদালত শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত: জনসচেতনতা বৃদ্ধিতে জোর

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালাটি সম্পন্ন হয়।
কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল, “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন”। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। তিনি তাঁর বক্তব্যে গ্রাম আদালতের কার্যকারিতা তুলে ধরে বলেন, গ্রামীণ পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির জন্য গ্রাম আদালত একটি অত্যন্ত কার্যকর ব্যবস্থা। এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং সাংবাদিক প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করা, সাধারণ মানুষের কাছে এর সেবা পৌঁছে দেওয়া এবং ব্যাপক প্রচার-প্রচারণার জন্য বিভিন্ন মূল্যবান সুপারিশ তুলে ধরেন। বক্তারা “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”— এই বার্তাটি জনগণের মাঝে ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ – ৩য় পর্যায় প্রকল্প-এর সহযোগিতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়, যা স্থানীয় সরকার বিভাগ-এর অধীনে বাস্তবায়িত হচ্ছে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মোহাম্মদ রাশেদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সাদিয়া সুলতানা। গ্রাম আদালতের মোল্লাহাট উপজেলা সমন্বয়কারী মিতা দে সফলভাবে কর্মশালাটি সঞ্চালনা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!