হোম » সারাদেশ » সুমন-ইয়াসিন হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

সুমন-ইয়াসিন হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

oppo_2

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার লক্ষীপুর গ্রামের সুমন ও ইয়াসিন হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন নিহতদের স্বজন ও স্থানীয় এলাকাবাসী।
বুধবার (১০ জুন ২০২৬) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা বন্দরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় এক ঘণ্টার বেশি যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
কর্মসূচিতে নিহতদের স্বজন, পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তারা অভিযোগ করেন, ঘটনার ২২ দিন পেরিয়ে গেলেও এজাহারভুক্ত আসামিরা এখনো গ্রেফতার হয়নি। দ্রুত আসামিদের গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন। অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
পরে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) আলমাস হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। তবে আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার না হলে পুনরায় সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এ হত্যাকাণ্ডে জাহিদুল, রাহাদ, রাব্বি, রেজাউল, আনোয়ার, জাফর ও কাউসারসহ সাতজনকে আসামি করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!