
রবিউল হাসান লায়ন , জামালপুর
জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচরে পূর্ব বিরোধের জেরে নৃশংস হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি আব্দুস সালামকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার মাত্র ৪ দিনের মাথায় আজ বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুস সালাম জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। আজ দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার (৬ জুন) জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে এক নৃশংস হামলার ঘটনা ঘটে। হামলায় দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হন এবং তার স্ত্রী জুলেখা বেগম গুরুতর আহত হন। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৫, তারিখ-০৬/০৬/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়।
হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গা ঢাকা দেয়। মামলা রুজুর পরপরই জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন-এর সার্বিক দিকনির্দেশনায় এবং জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব-এর নিবিড় তত্ত্বাবধানে এসআই আশিকুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গঠন করা হয়।
তদন্তকারী দল তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, গোপন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় পলাতক থাকার ৪ দিনের মাথায়, আজ সকালে গাজীপুর মহানগর এলাকা থেকে মূল হোতা ও প্রধান আসামি সালামকে গ্রেফতার করতে সক্ষম হয় সদর থানা পুলিশের টিম।
লক্ষ্মীরচরে পূর্ব বিরোধের জেরে হামলা
নিহত সাইফুলের স্ত্রীও গুরুতর আহত
প্রযুক্তির সহায়তায় সদর থানা পুলিশের বড় সাফল্য
এ বিষয়ে জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, "জামালপুর জেলা পুলিশ যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। এই হত্যাকাণ্ডের পরপরই আসামিদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়। যার ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।"
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। দ্রুততম সময়ে মামলার বাকি আসামিদেরও আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, মোঃ নাজমুস সাকিব ইতিপূর্বে জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) চৌকস ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জামালপুর সদর থানার ওসির দায়িত্ব থাকাকালীন জাতীয় নির্বাচনকালীন লটারির মাধ্যমে তিনি ময়মনসিংহ কোতোয়ালী থানায় বদলি হন। সেখানেও তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পুনরায় জামালপুর জেলায় বদলি হয়ে আসার পর তার পূর্বের কর্মদক্ষতা ও সততার কারণে আবারও তাকে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়েই তিনি পূর্বের ন্যায় নিজের পেশাদারিত্বের প্রমাণ দিলেন এবং মাত্র ৪ দিনের মাথায় চাঞ্চল্যকর মার্ডার মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে আবারো অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।