প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
গাজীপুরে বসতভিটার বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা, জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর সদর থানাধীন ২৯ নং ওয়ার্ড হাড়িনাল উত্তরপাড়া এলাকায় বসতভিটার জমি দখলের চেষ্টা, নির্মাণকাজে বাধা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত আবেদন করেছেন এক নারী।
অভিযোগকারী মমতাজ বেগম জানান, তিনি পৈতৃক সূত্রে প্রাপ্ত প্রায় ৭.৪৮ শতাংশ জমির বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন। সম্প্রতি একই এলাকার মো. আল মুনসুর ও তার সহযোগীরা তার জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ৩ জুন সকালে জমির সীমানার মধ্যে বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ চলাকালে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেন। এ সময় নির্মাণ শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয় এবং অভিযোগকারী প্রতিবাদ করলে তাকে গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে ওই জমিতে কোনো ধরনের নির্মাণকাজ করতে না দেওয়ার হুমকি দিচ্ছেন। এমনকি অভিযোগকারী ও তার পরিবারকে উচ্ছেদের ভয় দেখিয়ে বিভিন্নভাবে মানসিকভাবে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের ওপর নির্ভর করবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.