
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, এস আলম গ্রুপ ও তাদের সহযোগীদের বয়কট এবং ঢাকায় গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বগুড়ায় অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বগুড়া মহানগরীর উদ্যোগে কবি কাজী নজরুল ইসলাম সড়কস্থ ইসলামী ব্যাংক বগুড়া শাখার প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যাংকের গ্রাহক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শ্রমিক নেতা, শিক্ষক, আলেম ও সুধীজন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন গ্রাহক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহীন মিয়া, ইসলামী ব্যাংকের ১৯৮৫ সালের প্রথম পর্যায়ের আমানতকারী বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হালিম বেগ, সদস্য সচিব শ্রমিক নেতা আজগর আলী, অধ্যাপক রফিকুল আলম, মাওলানা আব্দুল হামিদ বেগ, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, অধ্যক্ষ ইকবাল হোসেন, এনামুল হক, মাওলানা আব্দুস সালাম, রবিউল ইসলাম রাজ, সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ইদ্রিস আলী, শ্রমিক নেতা আলিফ মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ অনুযায়ী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের সুস্পষ্ট বিধান থাকলেও ইসলামী ব্যাংকের পরিচালনায় অযাচিত হস্তক্ষেপ করা হচ্ছে। তারা দাবি করেন, ব্যাংক খাতে অতীতে সংঘটিত নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে সাধারণ আমানতকারীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় গ্রাহকদের স্বার্থ ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের ব্যাংকিং খাতকে স্থিতিশীল ও জনআস্থার জায়গায় ফিরিয়ে আনতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা জরুরি। ইসলামী ব্যাংকসহ দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক ও গোষ্ঠীগত প্রভাবমুক্ত রেখে দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে পরিচালনার দাবি জানান তারা।
সমাবেশ থেকে ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমকে অপসারণের দাবি জানিয়ে বক্তারা বলেন, বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বহাল রাখা হলে ব্যাংকের ভাবমূর্তি ও গ্রাহকদের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা অবিলম্বে গ্রাহকবান্ধব ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংক পরিচালনার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবিসমূহ পুনর্ব্যক্ত করে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন
লালপুরে পদ্মা নদীতে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, বালুমহল নিয়ে সংঘর্ষের জের
সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর উন্নয়ন সহায়তায় সেলাই মেশিন ঢেউটিন হুইল চেয়ার বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতারের যোগদান