হোম » সারাদেশ » চাঁদা না পেয়ে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

চাঁদা না পেয়ে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

রবিউল হাসান লায়ন: জামালপুর পৌর শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় চাঁদা না পেয়ে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন জঙ্গলপাড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে হুমায়ুন কবির ও লোমান। অভিযোগে অভিযুক্ত করা হয়েছে একই এলাকার আলাল উদ্দিনের ছেলে আরমান হোসেন পরাগ, মৃত আমেজ উদ্দিনের ছেলে মজিবর রহমান, জালাল উদ্দিনের ছেলে জুয়েল রানা, মজিবর রহমানের ছেলে সিয়ামসহ আরও কয়েকজনকে।

ভুক্তভোগী হুমায়ুন কবির, লোমান ও তাদের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মজিবর রহমানদের সঙ্গে তাদের পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। সোমবার সকালে হুমায়ুন কবির নিজের গাছের তাল বিক্রি করতে গেলে অভিযুক্তরা তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায় এবং বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা বিভিন্ন সময় তাদের প্রাণনাশের হুমকিও দিয়ে আসছে। এ ঘটনায় হুমায়ুন কবির বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!