প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৮:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
ধুনটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এস আলমের বিরুদ্ধে মানববন্ধন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার ধুনটে ইসলামী ব্যাংকের গ্রাহকদের উদ্যোগে ব্যাংকিং খাতে অনিয়ম, দুর্নীতি ও এস আলম গ্রুপের কথিত হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৮ জুন ২০২৬) সকাল ১১টায় ধুনট ইসলামী ব্যাংক শাখার সামনের সড়কে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি আব্দুল করিম এবং সাধারণ সম্পাদক মাহমুদ আলম লেবুসহ অন্যান্য গ্রাহকরা। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠান। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের প্রভাব বিস্তার ও দুর্নীতির মাধ্যমে এ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুযোগ দেওয়া হবে না।
তারা আরও বলেন, ইসলামী ব্যাংক কোনো দল বা ব্যক্তির সম্পদ নয়; এটি দেশের মানুষের আমানতের প্রতিষ্ঠান। ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে হলে সকল ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে ভবিষ্যতেও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা দেন।
বক্তারা ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রায় এক ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় ইসলামী ব্যাংক ধুনট শাখার বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন এবং কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.