প্রিন্ট এর তারিখঃ জুন ৯, ২০২৬, ৮:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৪ নং বারুইখালি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পায়লাতলা গ্রামে প্রবাসী মোঃ শহিদ হাওলাদারের বাড়িতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। এ ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার ও রুপার বিভিন্ন সামগ্রীসহ বিপুল পরিমাণ মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৭ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে প্রবাসী শহিদ হাওলাদারের স্ত্রী উম্মে কুলসুম বেগম তার অসুস্থ মেয়েকে ডাক্তার দেখানোর জন্য বাড়িতে তালা দিয়ে মোরেলগঞ্জ বাজারে যান। রাত আনুমানিক ৯টার দিকে বাড়িতে ফিরে এসে তিনি ঘরের সামনের তালা খুলে ভেতরে প্রবেশ করলে দেখতে পান ঘরের কাপড়চোপড় ও বিভিন্ন মালামাল বিছানা ও মেঝেতে এলোমেলো অবস্থায় ছড়িয়ে রয়েছে।
পরে তিনি দেখতে পান বাড়ির পেছনের দুটি দরজা খোলা এবং দ্বিতীয় তলার দরজার তালা ভাঙা। এছাড়া প্রথম তলার স্টিলের আলমারির দরজা খোলা অবস্থায় ছিল। চোরেরা আলমারি ও লাগেজ তল্লাশি চালিয়ে নগদ প্রায় ৯৫ হাজার টাকা, ছয় জোড়া স্বর্ণের কানবালা (প্রায় ৪ ভরি), এক জোড়া স্বর্ণের রুলি (১ ভরি), চারটি স্বর্ণের চেইন (৪ ভরি), পাঁচটি স্বর্ণের আংটি (৩ ভরি), একটি স্বর্ণের হার সেট (৪ ভরি), শিশুদের পাঁচটি স্বর্ণের আংটি (১০ আনা), ছয়টি স্বর্ণের নাকফুল (৬ আনা), তিনটি রুপার চেইন, তিন জোড়া নুপুর ও দুই জোড়া রুপার চুড়িসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
ভুক্তভোগী উম্মে কুলসুম বেগম বলেন, "আমাদের সর্বস্ব নিয়ে গেছে। কিভাবে এত কিছু নিয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। আমরা এখন দিশেহারা হয়ে পড়েছি।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী প্রবাসী মোঃ শহীদ হাওলাদারের স্ত্রী উম্মে কুলসুম বেগম।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.