হোম » সারাদেশ » মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করাই আমার সাধনা”-চেয়ারম্যান প্রার্থী মোঃ কবির হোসেন

মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করাই আমার সাধনা”-চেয়ারম্যান প্রার্থী মোঃ কবির হোসেন

মোহাম্মদ আসাদুজ্জামান
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ কবির হোসেন বলেছেন,”সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করাই আমার জীবনের সাধনা”।

রবিবার (৭ জুন) বিকাল পাঁচটায় ঘোড়ামারা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা বিশিষ্ট মুরব্বি মোঃ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সূচনা বক্তব্যে মোঃ কবির হোসেন বলেন, মুরব্বিদের আস্থায় এবং যুব সম্প্রদায়ের ভালোবাসায় আমি বাসাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডে পরপর দুই বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত হয়েছি। জনগণের কাছাকাছি থেকে জনগণের জন্য একনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে। ভবিষ্যতে সমগ্র বাসাইল ইউনিয়নবাসীর জন্য নিঃস্বার্থভাবে কাজ করার বৃহত্তর সুযোগ লাভের জন্যই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।২০১৬ সালে সম্পূর্ণ বৈরি রাজনৈতিক পরিবেশে মামলা-হামলাকে উপেক্ষা করে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি, জনগণের সমর্থন ও ভালোবাসাও পেয়েছি। কিন্তু ক্ষমতাসীন দল প্রভাব খাটিয়ে এবং কালো টাকা ছড়িয়ে সেদিন নির্বাচনী ফলাফল তাদের পক্ষে নিয়ে যায়। তারপরেও বাসাইল ইউনিয়নবাসীর কাছ থেকে আমি দূরে সরে যাইনি। এ অঞ্চলের মানুষের সুখে-দুঃখে,বিপদে-আপদে,পূজা-পার্বনে,ঈদে-উৎসবে আমি সবসময়ই সম্পৃক্ত থেকেছি।সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমি সর্বদা সোচ্চার ও আপোষহীন থেকেছি- এ কথা আপনাদের কাছে আজ স্পষ্টভাবে প্রতিষ্ঠিত।

মোঃ কবির হোসেন আরো বলেন, শিক্ষা জীবন শেষে দীর্ঘদিন প্রবাসে থেকেছি, দেশে ফিরে হালাল ও স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য করে আল্লাহর রহমতে এবং বাবা-মায়ের দোয়ায় স্বাবলম্বী হয়েছি।ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে,আমার আর পিছুটান নেই।এখন মানুষের জন্য এবং এলাকার উন্নয়নের জন্য কাজ করতে আমার হাতে পর্যাপ্ত সময় আছে। বাকিটা জীবন আমি বাসাইল ইউনিয়নের সকল শ্রেণী-পেশার মানুষের জন্য কাজ করে যেতে চাই।তাই,আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আপনাদের দোয়া, সমর্থন, পরামর্শ ও সহযোগিতা পেতে আপনাদের দরবারে হাজির হয়েছি। আমার উপর আস্থা ও বিশ্বাস রাখলে আমি কৃতজ্ঞ চিত্তে তার প্রতিদান দিতে আপ্রাণ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ ছানু মিয়া ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট সমাজ কর্মী হরিষ চন্দ্র মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, নিখিল, মোঃ সেলিম হোসেন, মোঃ নাছির উদ্দিন,আলী আহমেদ,ওয়াজ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!