হোম » সারাদেশ » কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বাড়ি জেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুসখোলা গ্রামে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে নিয়মিত টহলকালে কাউখালী থানা পুলিশ উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের তালুকদারহাট বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় বাজারসংলগ্ন একটি সেতুর ওপর এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। কর্তব্যরত এসআই মেহেদী হাসান তাকে চ্যালেঞ্জ করে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। এতে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে কাউখালী থানায় নিয়ে যাওয়া হয়।
পরে কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলীর নেতৃত্বে এসআই রাশেদ, এসআই মহিউদ্দিন ও এএসআই খায়রুন হাসান  তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজের পরিচয় দেন এবং তার কাছে একটি অস্ত্র রয়েছে বলে স্বীকার করেন।  পুলিশ জানায় গ্রেপ্তার ব্যক্তি সজীব সরদার (২৫), তিনি পিরোজপুর জেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুসখোলা গ্রামের জাফর আলী সরদারের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী ও শিশু নির্যাতন আইনে আরও দুটি মামলা রয়েছে।
আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তার বাড়ির পাশের জঙ্গলে লুকিয়ে রাখা একটি বন্দুক উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী বলেন, “টহল পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!