
রবিউল হাসান লায়ন, জামালপুর
উপজেলার লক্ষীরচর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার লক্ষীরচর মধ্যেপাড়া এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আব্দুল হক লক্ষীরচর মধ্যেপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল আব্দুল হকের সঙ্গে তার প্রবাসী ভাতিজা আব্দুস সালামের। এরই জেরে শনিবার দুপুরে আব্দুস সালাম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আব্দুল হকের ওপর হামলা চালায়। হামলায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা রুজু ও আসামিদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যেই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।”
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে নাসিকের কাউন্সিলর প্রার্থীর দোয়া ও তবারক বিতরণ
কৃষি ও শিক্ষার পাশাপাশি অনন্য অর্জন: পিরোজপুরের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত শরীফ বিল্লাহ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় শেরপুরে উচ্ছ্বাস, অনুষ্ঠিত শুভেচ্ছা মিছিল