হোম » সারাদেশ » সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা

সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়নে কথিত কিশোর গ্যাংয়ের প্রতিষ্ঠাতা বাবু মিয়া ও গ্যাং প্রধান রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুরইছা (হাটখোলা) এলাকার স্থানীয় যুবসমাজ, মুরুব্বি ও সাধারণ মানুষের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ডুমুর ইছা গ্রামের যুব সমাজের নেতা মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশমাতৃকা ফুড প্রোডাক্টসের চেয়ারম্যান ইমাজ উদ্দিন তালুকদার শুভ। এ সময় আরও বক্তব্য রাখেন আদর্শ গ্রামের শহিদুল ইসলাম, স্থানীয় যুবদল নেতা মাহিম, তরিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, বহুলী ইউনিয়নে বাবু মিয়ার ছত্রছায়ায় গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে। সম্প্রতি সন্ত্রাসী বাবু মিয়া ব্যবসায়ী ইমাজ উদ্দিন শুভর নিকট ৬ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। পরে চাঁদা না দেওয়ায় কিশোর গ্যাং মাহমুদুলকে দিয়ে মোবাইলে তাকে হত্যার হুমকি দেয়। একই সঙ্গে শুভর কর্মী মানিক মিয়া, তালহা, নুর আলম, আখিরুলকে হত্যার উদ্দ্যোশে হামলা করে গুরুতর আহত করে। এভাবেই একের পর এক ত্রাস সৃষ্টি করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা।
বক্তারা দ্রুত বাবু মিয়া ও রিজভীকে গ্রেফতারের দাবি জানান এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও হুশিয়ারি দেন স্থানীয়রা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!