হোম » সারাদেশ » সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় ব্যাটারী চালিত অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা ওই দম্পতির মেয়েসহ বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মৃত বাছের সরকারের ছেলে মো. মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) ও জামতৈল গ্রামের মৃত সোনাউল্লাহ মুদির ছেলে অটোভ্যানের চালক মো. নুরু (৪৫)। আহত তামান্না খাতুন (১৬) মোতালেব সরকারের মেয়ে।

বেলকুচি থানার ওসি ইমাম জাফর জানান, সকাল ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় মুকুন্দগাতীগামী যাত্রীবাহী চলন্ত একটি ভ্যানের এক্সেল ভেঙ্গে ভ্যানটি সড়কের উপর পড়ে যায়। এ সময় এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ঢাকা এক্সপ্রেসের একটি দ্রুতগামী বাসটি ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ ও ভ্যানের চালক মারা যায়। তবে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে আটকে যায়। এ ঘটনায় ওই দম্পতির মেয়ে তামান্না খাতুনসহ বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। আহত তামান্নাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক।
তিনি বলেন, বাসটিকে আটক করা হলেও এর চালক-হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!