হোম » সারাদেশ » ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মো: মিশিকুল মন্ডল, ক্ষেতলাল (জয়পুরহাট)প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩১ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের (ওসি) প্রত্যক্ষ নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করেন। অভিযানে অংশগ্রহণ করেন এসআই আবু সাঈদ, এসআই মন্টু রহমান, এসআই ইজার উদ্দিন, পিএসআই আরিফ হোসেন, এএসআই বেলাল হোসেন, এএসআই মামুন ইসলাম, এএসআই লাবলু ও সঙ্গীয় ফোর্স।

প্রথম অভিযানে, গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানাধীন আলমপুর ইউনিয়নের শিবপুর পূর্বপাড়া গ্রামে মো: ইসমাইল হোসেনের বাড়ির সামনে রাস্তার ওপর অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ২১ (একুশ) পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মো: হাবিবুর রহমান মন্ডল ওরফে খাজা (৪৫) কে গ্রেপ্তার করা হয়। সে শিবপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

দ্বিতীয় অভিযানে, আলমপুর ইউনিয়নের অন্তর্গত শ্যামপুর টু সোহেলী বাজারগামী রাস্তার শ্যামপুর স্কুল থেকে ৫০০ গজ দক্ষিণ দিকে পাকা রাস্তার ওপর থেকে মো: সুমন মন্ডল (৩২) নামের আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০ (দশ) পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সুমন মন্ডল ক্ষেতলাল থানার পৌলঞ্জ গ্রামের মো: নাসির উদ্দিন মন্ডলের ছেলে।

ক্ষেতলাল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!