
রায়হানুল ইসলাম , বগুড়া:
বগুড়া সদর উপজেলার ফাঁপড় ইউনিয়নের শহরদিঘী গ্রামে দুই বছরের এক শিশুকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে এক আইসক্রিম বিক্রেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে শিশুর বাবা রোকনুজ্জামানকে (৩০) ২০-২২ জন বহিরাগত সন্ত্রাসী দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
গত মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শহরদিঘী গ্রামে র পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত রোকনুজ্জামানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত রোকনুজ্জামান ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে শহরদিঘী গ্রামের আইসক্রিম বিক্রেতা রোকনুজ্জামানের ২ বছর বয়সী শিশু পুত্রকে কৌশলে ফুসলিয়ে গ্রাম থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে নির্জন স্থানে নিয়ে যাচ্ছিল।
এই সময় রোকনুজ্জামানের এক প্রতিবেশী মামী বিষয়টি দেখতে পান। তিনি সন্দিহান হয়ে আইসক্রিম বিক্রেতাকে থামান এবং জিজ্ঞেস করেন, “তুই গ্রামের এই ছোট বাচ্চাটাকে এত দূরে কেন নিয়ে যাচ্ছিস?”
পরবর্তীতে শিশুর পিতা রোকনুজ্জামান ঘটনাটি জানতে পেরে ওই আইসক্রিম বিক্রেতাকে একই বিষয়ে প্রশ্ন করেন এবং জেরা শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে আইসক্রিম বিক্রেতা রোকনুজ্জামানের সাথে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতণ্ডার একপর্যায়ে আইসক্রিম বিক্রেতা ফোন করে বহিরাগত সন্ত্রাসীদের ডেকে আনে। কিছুক্ষণের মধ্যেই পার্শ্ববর্তী হরিগাড়ী এলাকা থেকে ২০-২২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রোকনুজ্জামানের বাড়িতে এসে হাজির হয়।
তারা এসেই রোকনুজ্জামানের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা রোকনুজ্জামানকে লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর এবং একপর্যায়ে তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে। রোকনুজ্জামানের চিৎকার শুনে তার বৃদ্ধ পিতায় গেলে তাতেও মারপিট করা হয়। এ সময় গ্রামবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় রোকনুজ্জামানকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়দের ক্ষোভ: প্রকাশ্য দিবালোকে শিশু অপহরণের চেষ্টা এবং তার প্রতিবাদ করায় পিতার ওপর এমন নৃশংস হামলার ঘটনায় শহরদিঘী ও আশপাশের এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী অবিলম্বে এই ঘটনার মূল হোতা আইসক্রিম বিক্রেতাসহ হরিগাড়ী এলাকা থেকে আসা ২০-২২ জন সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি