এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় হযরত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বাঁশঝাড়ের নতুন কোরল (চারা) ভাঙাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মেয়ে হোসনেয়ারা খাতুন বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
গত মঙ্গলবার (২ জুন ২০২৬) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের কোরল ভেঙে ফেলা নিয়ে হযরত আলীর সঙ্গে তার চাচাতো ভাই আব্দুর রহিম (৫২) এবং ভাতিজা নাইম ইসলাম (১৮)-এর দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করে। ঘটনার একপর্যায়ে কথাকাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, আব্দুর রহিম ও তার ছেলে নাইম ইসলাম পেরেকযুক্ত বাঁশ দিয়ে হযরত আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
নিহতের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের মেয়ে হোসনেয়ারা খাতুন বাদী হয়ে মঙ্গলবার রাতেই শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। অপর আসামি নাইম ইসলামকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, বাঁশের কোরল ভাঙাকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে। দায়েরকৃত মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।