প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৬, ৪:২৮ পি.এম
ঈদের দাওয়াত খেতে যাওয়া হলোনা তানজীলার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে বাসের ধাক্কায় তানজীলা আক্তার লিজা (২৫) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজীলা আক্তার লিজা পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের গোলজার হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে নানার বাড়িতে দাওয়াতে অংশ নিতে বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে বিরামপুর উপজেলার বেপারীটলা গ্রামে যাচ্ছিলেন তানজীলা ও তার বাবা। পথে নবাবগঞ্জ উপজেলার চেরাগপুর এলাকায় মোটরসাইকেল থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে থাকাকালে নবাবগঞ্জ থেকে আফতাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দের আগমুহূর্তে এমন মর্মান্তিক ঘটনায় স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সড়ক দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.